ভারী বৃষ্টিতে ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটনকেন্দ্র বন্ধ
টানা ভারী বৃষ্টিপাত ও সম্ভাব্য প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির কারণে আগামী ১০ জুলাই (শুক্রবার) পর্যন্ত বান্দরবান পার্বত্য জেলার সব পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সানিউল ফেরদৌস স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক ভারী বর্ষণের ফলে জেলার বিভিন্ন এলাকায় যোগাযোগ ব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি এবং সম্ভাব্য দুর্ঘটনার আশঙ্কা বিবেচনায় পর্যটক ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, এ সময়ের মধ্যে বান্দরবানের সব পর্যটনকেন্দ্র, ঝর্ণা, পাহাড়ি ট্রেইল, নদীপথ, দুর্গম এলাকা এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ স্থানে পর্যটক, ট্যুর অপারেটর ও সাধারণ মানুষের প্রবেশ এবং ভ্রমণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
জেলা প্রশাসন সবাইকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের জারি করা নির্দেশনা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানিয়েছে।