বিমান রুট পরিবর্তনের প্রস্তাব যাত্রী স্বার্থে ফিরিয়ে দিলেন খালেদা জিয়া
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডন থেকে দেশে ফিরতে চলেছেন আগামী ৫ মে। তাঁর সুবিধার্থে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ নির্ধারিত রুট পরিবর্তনের প্রস্তাব দিলেও তিনি তা যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনায় রেখে প্রত্যাখ্যান করেছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, খালেদা জিয়াকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি ৪ মে লন্ডনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় হিথ্রো বিমানবন্দর থেকে যাত্রা করবে। নির্ধারিত রুট অনুযায়ী ফ্লাইটটি প্রথমে সিলেট হয়ে পরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।
বিমান কর্তৃপক্ষ প্রস্তাব দিয়েছিল, ওই বিশেষ ফ্লাইটটি সেদিন প্রথমে ঢাকায় অবতরণ করবে, পরে সিলেট যাবে—যাতে খালেদা জিয়া সহজেই ঢাকায় পৌঁছাতে পারেন। তবে তিনি এই বিশেষ সুবিধা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করেন এবং বলেন, যাত্রীদের কষ্টের কারণ হতে পারে এমন কোনো পরিবর্তন তিনি চান না। বরং নির্ধারিত নিয়ম অনুযায়ী সিলেটেই প্রথমে নামতে চান তিনি।
এই ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। লেখক ও অনলাইন অ্যাক্টিভিস্ট সাদিকুর রহমান খান এক ফেসবুক পোস্টে লিখেছেন, "বাংলাদেশের সবকিছুতে পরিবর্তন এসেছে, খালি এই মানুষটার জেদের কোনো পরিবর্তন নাই।" তিনি আরও উল্লেখ করেন, “শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি মানুষের কথাই ভাবছেন, নিজের সুবিধার চেয়ে জনগণের ভোগান্তি যাতে না হয়, সেটাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।