বিনা অনুমতিতে অনুপস্থিত প্রাথমিক শিক্ষকদের তালিকা চাইল অধিদপ্তর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত শিক্ষক-শিক্ষিকাদের তালিকা চেয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এ সংক্রান্ত তথ্য সাত কার্যদিবসের মধ্যে নির্ধারিত ই-মেইলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পলিসি ও অপারেশন বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনা অনুযায়ী, তথ্য অধিকার আইন, ২০০৯-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে।
নির্ধারিত ছকে পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং পুরুষ ও নারী সহকারী শিক্ষকদের পৃথক সংখ্যা উল্লেখ করতে হবে। পাশাপাশি, তাদের মধ্যে কারা দুই বছর পর্যন্ত এবং কারা দুই বছরের বেশি সময় ধরে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন, সে তথ্যও আলাদাভাবে দিতে হবে।
এ নির্দেশনা বাস্তবায়নের জন্য বিভাগীয় উপপরিচালক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।