জলাবদ্ধতায় কক্সবাজারের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ, আটকা দুই ট্রেন
টানা বর্ষণ ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রামের ষোলশহর এলাকায় রেললাইনের ওপর পানি জমে যাওয়ায় কক্সবাজারের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। এতে কক্সবাজারগামী ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রামগামী ‘প্রবাল এক্সপ্রেস’ ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, মঙ্গলবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনটি ষোলশহর এলাকা অতিক্রম করার সময় রেললাইনের ওপর পানি জমে যায়। ইঞ্জিনে পানি প্রবেশ করে যান্ত্রিক ত্রুটি বা দুর্ঘটনার আশঙ্কা থাকায় চালক ট্রেনটি থামিয়ে দেন। পরে নিরাপত্তার স্বার্থে ট্রেনটি পিছিয়ে এনে ষোলশহর রেলস্টেশনে রাখা হয়।
মঙ্গলবার সকাল ৬টা ১৫ মিনিটে রাজধানীর কমলাপুর রেলস্টেশন থেকে ৬৫০ জনের বেশি যাত্রী নিয়ে কক্সবাজারের উদ্দেশে যাত্রা শুরু করেছিল পর্যটক এক্সপ্রেস।
এদিকে, একই সময়ে রেললাইনের ওপর গাছ ভেঙে পড়ায় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনটিও দোহাজারী রেলওয়ে স্টেশনে আটকে যায়।
রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, রেললাইন থেকে পানি সরে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং নিরাপত্তা নিশ্চিত হওয়ার পর ট্রেন চলাচল পুনরায় শুরু করা হবে।
সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে চট্টগ্রামে গত দুই দিন ধরে টানা ভারী বৃষ্টিপাত হচ্ছে। এর ফলে নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং রেল যোগাযোগসহ স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।