বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমসারা দেশ‘জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের প্রতিই দায়বদ্ধ’ : রিজভী

‘জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের প্রতিই দায়বদ্ধ’ : রিজভী

favicon
ভোরের আলো ডেস্ক:
‘জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের প্রতিই দায়বদ্ধ’ : রিজভী

প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতায় আসেনি; একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেছে। তাই জনগণের প্রতি সরকারের দায়বদ্ধতা রয়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে সাভারে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা জোরদারে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন এবং গাছের চারা বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।


রিজভী বলেন, বাংলাদেশ বর্তমানে গুরুতর পরিবেশগত সংকটের মুখোমুখি। নির্বিচারে বন উজাড়, খাল ও পুকুর ভরাট এবং জলাশল দখলের কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, যা মানুষের স্বাস্থ্য ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব ফেলছে।


তিনি দাবি করেন, একটি আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী পরিবেশদূষণের দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৭৩তম। এছাড়া দেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় ১৮ থেকে ১৯ শতাংশ স্বাস্থ্যগত ক্ষতির পেছনে ব্যয় হচ্ছে, যার অন্যতম কারণ পরিবেশদূষণ। বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, দেশে প্রায় ৩২ শতাংশ মৃত্যুর সঙ্গে পরিবেশদূষণের সম্পর্ক রয়েছে।


অপরিকল্পিত নগরায়ণ নিয়েও উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, কৃষিজমিতে নির্বিচারে ভবন নির্মাণ এবং পরিকল্পনাহীন উন্নয়ন পরিবেশের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।


তিনি আরও বলেন, পরিবেশ পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে। এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ না করলে ভবিষ্যতে আরও বড় ধরনের বিপর্যয়ের মুখোমুখি হতে হবে।


অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, কৃষক দলের কেন্দ্রীয় নেতাসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক ও পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।