বুধবার , ০৮ জুলাই ২০২৬
বুধবার , ০৮ জুলাই ২০২৬
হোমসারা দেশমিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ সন্দেহভাজন হামলাকারী আটক

মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ সন্দেহভাজন হামলাকারী আটক

favicon
ভোরের আলো ডেস্ক:
মিরপুরে স্বেচ্ছাসেবক দল নেতাকে গুলি, অস্ত্রসহ সন্দেহভাজন হামলাকারী আটক

রাজধানীর মিরপুরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এতে গুরুতর আহত হয়েছেন মিরপুর থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সিজু (৪০)। হামলার পর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় অস্ত্রসহ এক সন্দেহভাজন হামলাকারীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।


মঙ্গলবার (৭ জুলাই) রাত প্রায় ৯টার দিকে মিরপুর-১০ নম্বরের সেনপাড়া পর্বতা এলাকায় সিজুর বাসার সামনে এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্বজনদের তথ্য অনুযায়ী, সাইফুল ইসলাম সিজু ওই এলাকায় বসবাস করেন এবং রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি নিজের ভবনের দ্বিতীয় তলায় একটি ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান পরিচালনা করেন। ঘটনার সময় তিনি বাসার সামনে অবস্থান করছিলেন। এ সময় তিন থেকে চারজনের একটি দল তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার দুই পা ও কোমরে গুলি লাগে এবং তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হন।


গুলির শব্দে আশপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করেন। একই সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে শান্ত ভূঁইয়া (২৪) নামে এক যুবককে একটি আগ্নেয়াস্ত্রসহ আটক করে স্থানীয়রা পুলিশের হাতে তুলে দেন। অন্য এক হামলাকারী পালিয়ে যেতে সক্ষম হয়।


আহতের শ্যালক সাইদুল ইসলাম জানান, কেন এই হামলা হয়েছে সে বিষয়ে পরিবার এখনো নিশ্চিত কোনো তথ্য জানে না।


ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সাইফুল ইসলামের দুই পা ও কোমরে গুলির আঘাত রয়েছে। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।


মিরপুর থানা পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হামলার প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে তদন্ত চলছে।


মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বের বিরোধের জের ধরে এই হামলার ঘটনা ঘটেছে। হামলায় অন্তত দুজন সরাসরি অংশ নিয়েছিল। তাদের মধ্যে একজন আটক হলেও অপরজন এখনও পলাতক। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


তিনি আরও জানান, গুলিবিদ্ধ সাইফুল ইসলামের শরীরে বুধবার অস্ত্রোপচার করার পরিকল্পনা রয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন এবং তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে চিকিৎসকরা জানিয়েছেন।