বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
বৃহস্পতিবার , ৩০ এপ্রিল ২০২৬
হোমরাজনীতিগাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
গাজীপুরে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর গাড়িতে হামলা
হামলার পর ক্ষতিগ্রস্ত হাসনাত আবদুল্লাহর গাড়ি। চান্দনা চৌরাস্তা, গাজীপুর। ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (৪ মে) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় যানজটে আটকে থাকা অবস্থায় এই হামলা হয়। পুলিশের বরাতে জানা যায়, মোটরসাইকেলে করে আসা চার থেকে পাঁচজন দুর্বৃত্ত গাড়িতে ইট নিক্ষেপ এবং লাঠি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

হামলায় গাড়ির গ্লাস ও উইন্ডশিল্ড ভেঙে যায় এবং হাসনাত আবদুল্লাহ হাতের কনুইয়ে আঘাত পান। আহত অবস্থায় তাঁকে তাৎক্ষণিকভাবে নিরাপত্তার জন্য বোর্ডবাজারের ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) ক্যাম্পাসে নেওয়া হয়। পরে পুলিশ তাঁকে উত্তরা পূর্ব থানায় নিয়ে যায় এবং রাত সাড়ে আটটার দিকে ঢাকায় পৌঁছে দেয়।

এ ঘটনার প্রতিবাদে রাতেই গাজীপুরের চান্দনা চৌরাস্তা ও নারায়ণগঞ্জ শহরে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ ও মশাল মিছিল করেন। নারায়ণগঞ্জ শহরের চাষাড়া থেকে শুরু হওয়া মিছিলটি প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশে শেষ হয়।

ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে। তারা হলেন—গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মো. নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমদ (দিপু)। গাজীপুর মহানগর পুলিশের উপ-কমিশনার রবিউল হাসান জানিয়েছেন, হামলার বিষয়ে তদন্ত চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় হাসনাত আবদুল্লাহ বলেন, "এই মুহূর্তে কিছু বলতে পারছি না, পরে কথা বলব।"

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা যুবক এবং মোটরসাইকেলে করে দ্রুত পালিয়ে যায়।