শুক্রবার , ১০ জুলাই ২০২৬
শুক্রবার , ১০ জুলাই ২০২৬
হোমসারা দেশভারি বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা শিবিরে বিপর্যয়, প্রাণ গেল ১৫ জনের

ভারি বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা শিবিরে বিপর্যয়, প্রাণ গেল ১৫ জনের

favicon
ভোরের আলো ডেস্ক:
ভারি বৃষ্টি ও ভূমিধসে রোহিঙ্গা শিবিরে বিপর্যয়, প্রাণ গেল ১৫ জনের

টানা ভারি বৃষ্টি, আকস্মিক বন্যা ও ভূমিধসের কারণে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে মানবিক সংকট আরও তীব্র আকার ধারণ করেছে। গত ৪ জুলাই রাত থেকে ৯ জুলাই দুপুর পর্যন্ত বিভিন্ন দুর্ঘটনায় ১৫ জন রোহিঙ্গার মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ১৮ জন।


একই সময়ে ২৬ হাজার ১১৯ জন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং নিরাপত্তার স্বার্থে ৪ হাজার ৩০৭ জনকে সাময়িকভাবে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে।


বৃহস্পতিবার জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বাংলাদেশ কার্যালয়ের প্রতিনিধি ইভো ফ্রেইসেন এক বিবৃতিতে এ তথ্য জানান।


বিবৃতিতে বলা হয়, এ পর্যন্ত রোহিঙ্গা শিবিরগুলোতে আবহাওয়াজনিত মোট ২৮৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ৯৫টি ভূমিধস, ১৫৬টি ঝোড়ো হাওয়া এবং ২১টি আকস্মিক বন্যার ঘটনা রয়েছে।


প্রাকৃতিক দুর্যোগে ২ হাজার ৮০৯টি আশ্রয় আংশিক এবং ১৩টি আশ্রয় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি শিক্ষাকেন্দ্র, স্বাস্থ্যসেবা, বিশুদ্ধ পানি সরবরাহ এবং পয়োনিষ্কাশন ব্যবস্থাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামোরও ব্যাপক ক্ষতি হয়েছে।


সরকারের সঙ্গে সমন্বয় করে বিভিন্ন মানবিক সংস্থা উদ্ধার কার্যক্রম, নিরাপদ স্থানে স্থানান্তর, খাদ্য, চিকিৎসাসেবা, অস্থায়ী আশ্রয় এবং অন্যান্য জরুরি সহায়তা প্রদান অব্যাহত রেখেছে।


এদিকে আবহাওয়া অধিদপ্তর আগামী ১১ জুলাই পর্যন্ত ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ফলে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে নতুন করে ভূমিধস ও আকস্মিক বন্যার ঝুঁকি এখনও রয়ে গেছে।