সরকারকে বিতর্কিত করতে এখনও ষড়যন্ত্র চলছে: রিজভী
সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে এখনো বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, পরাজিত শক্তির অপতৎপরতা মোকাবিলায় দেশের সব গণতান্ত্রিক শক্তিকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী জানান, রথযাত্রা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকার জন্য দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, উৎসব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নেতাকর্মীদের পাহারাদারের মতো দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়েছে।
তিনি আরও বলেন, দেশি-বিদেশি নানা ধরনের উসকানি ও ষড়যন্ত্র সবসময়ই সক্রিয় থাকে। তাই কোনো অপচেষ্টা যেন বাংলাদেশের দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নষ্ট করতে না পারে, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানান তিনি।