আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার অভাবে সমাজে অবক্ষয় বাড়ছে: রুহুল কবির রিজভী
আদর্শ শিক্ষক ও মানসম্মত শিক্ষার ঘাটতির কারণে সমাজে নৈতিক অবক্ষয় এবং মাদকের বিস্তার বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব **অ্যাডভোকেট রুহুল কবির রিজভী**।
শনিবার (১১ জুলাই) রাজধানীর **মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের** বার্ষিক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, শিক্ষকদের পর্যাপ্ত ও যুগোপযোগী প্রশিক্ষণের অভাবে টেকসই শিক্ষাব্যবস্থা গড়ে তোলা সম্ভব হচ্ছে না। একই সঙ্গে অনেক ক্ষেত্রে শিক্ষকদের পেশাগত নিষ্ঠা ও দায়বদ্ধতা কমে যাওয়ায় শিক্ষার মানও ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, যোগ্য, প্রাজ্ঞ ও অভিজ্ঞ শিক্ষক ছাড়া শিক্ষার্থীদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা সম্ভব নয়। তাই শিক্ষকদের দক্ষতা উন্নয়ন এবং শিক্ষার গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শিক্ষার উৎকর্ষতা অর্জনকে সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে রিজভী অভিযোগ করেন, কিছু অসাধু ঠিকাদার স্কুল ফিডিং কর্মসূচিতে নিম্নমানের খাবার সরবরাহ করছে। এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুদের খাদ্য নিয়ে অনিয়মকারীরা মানবতার শত্রু।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী **আমিনুল হক** এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক **মো. শফিকুল ইসলাম খান মিল্টন**। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বিশেষ কমিটির সভাপতি **ম. হামিদুর হক মানিক**।