‘শিক্ষার্থীরা অটোপাস নয়, মানবিক পরিবেশে পরীক্ষা চায়’: নাসীরুদ্দীন পাটওয়ারী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, শিক্ষার্থীদের চলমান আন্দোলনের উদ্দেশ্য অটোপাস বা পরীক্ষা বাতিল নয়; বরং বন্যা, জলাবদ্ধতা ও দুর্ভোগের মধ্যে পরীক্ষায় অংশ নিতে বাধ্য না হওয়ার দাবি জানানো। তিনি এ আন্দোলনকে যৌক্তিক, মানবিক এবং ন্যায্য বলে উল্লেখ করেছেন।
শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, শিক্ষার্থীরা সরকারবিরোধী কোনো আন্দোলনে নামেনি। তবে কিছু রাজনৈতিক ও সামাজিক মহলের বক্তব্যের কারণে আন্দোলনকে রাজনৈতিকভাবে উপস্থাপনের চেষ্টা চলছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
নাসীরুদ্দীন পাটওয়ারীর দাবি, আন্দোলনকে রাজনৈতিক রূপ দেওয়ার ফলে শিক্ষার্থীদের বিরুদ্ধে হামলা, গ্রেফতার, হয়রানি এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, কয়েকজন শিক্ষার্থীর অভিযোগ অনুযায়ী, তাদের ফোন করে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে হুমকি দেওয়া হচ্ছে। অভিযোগগুলো সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অগ্রহণযোগ্য বলেও মন্তব্য করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে এনসিপির এই নেতা বলেন, শিক্ষার্থীদের ভয়ভীতি দেখানো, গ্রেফতারের হুমকি দেওয়া কিংবা হয়রানির পরিবর্তে সংলাপের পথ বেছে নেওয়া উচিত। তাদের বক্তব্য শুনে যৌক্তিক সমস্যাগুলোর দ্রুত সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শিক্ষার্থীরা কোনো সন্ত্রাসী গোষ্ঠী নয়। ভিন্নমত প্রকাশের কারণে তাদের রাজনৈতিক পরিচয়ে চিহ্নিত করে সামাজিক বা মানবিকভাবে হেনস্তা করা একটি সভ্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নাসীরুদ্দীন পাটওয়ারী সতর্ক করে বলেন, সংযম ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা না করলে একটি সমাধানযোগ্য সংকট অপ্রয়োজনীয়ভাবে বড় সামাজিক অস্থিরতায় রূপ নিতে পারে। একই সঙ্গে তিনি নাগরিকদের মতামত ও পরামর্শকে ষড়যন্ত্র বা উসকানি হিসেবে না দেখে গণতান্ত্রিক রাষ্ট্র পরিচালনার স্বাভাবিক অংশ হিসেবে বিবেচনা করার আহ্বান জানান।