অনশনের ২১তম দিনে অসুস্থ সোনম ওয়াংচুক, হাসপাতালে নিল ভারতীয় পুলিশ
ভারতে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় হাসপাতালে স্থানান্তর করেছে পুলিশ।
শনিবার (১৮ জুলাই) ভারতীয় পুলিশের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ৫৯ বছর বয়সী ওয়াংচুক গত ২৮ জুন থেকে অনশন কর্মসূচি পালন করে আসছিলেন। প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিকে সামনে রেখে শুরু হওয়া এ আন্দোলনে বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের সমর্থন পাওয়া গেছে।
ভারতের বিভিন্ন পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে আন্দোলনকারীদের দাবি। এ ইস্যুতে সরকারের জবাবদিহি নিশ্চিত করার আহ্বানও জানানো হচ্ছে।
এদিকে, ওয়াংচুকের অনশন দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও আন্দোলনটি ব্যাপক সাড়া ফেলেছে এবং দাবিগুলো দ্রুত ছড়িয়ে পড়েছে।
শনিবার প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার আগে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তাকর্মী বিক্ষোভস্থলে অবস্থান নেন। তারা আন্দোলনের মঞ্চ ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেন।
ঘটনাস্থলে উপস্থিত ডেপুটি পুলিশ কমিশনার শচীন শর্মা জানান, আদালতের নির্দেশ, চিকিৎসকদের পরামর্শ এবং ওয়াংচুকের শারীরিক অবস্থার কথা বিবেচনা করে তাকে জরুরি চিকিৎসার জন্য একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন।