‘চিকিৎসার জন্য বিদেশমুখী হওয়া কমাতে দেশের স্বাস্থ্যসেবা উন্নত করতে হবে’: রিজভী
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবীর রিজভী বলেছেন, দেশের মানুষ যেন চিকিৎসার জন্য বিদেশে যেতে বাধ্য না হন, সে লক্ষ্যে দেশের স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে হবে।
শনিবার (১৮ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটি আয়োজিত এক কর্মশালায় তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, বর্তমানে বিপুলসংখ্যক রোগী উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন। অথচ একসময় চিকিৎসাসেবার জন্য প্রতিবেশী দেশের মানুষও বাংলাদেশে আসতেন। সেই সক্ষমতা পুনরুদ্ধারে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রয়োজন রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, মানুষের জীবন ও চিকিৎসার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক বিবেচনার স্থান থাকা উচিত নয়। চিকিৎসকদের মূল্যায়ন করতে হবে তাদের মেধা, দক্ষতা ও পেশাগত যোগ্যতার ভিত্তিতে।
রিজভীর মতে, দেশের স্বাস্থ্য খাতে বিদ্যমান ঘাটতিগুলো পূরণ করা গেলে সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের উন্নয়ন ও সেবার মান বাড়াতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।