সাবেক মন্ত্রী তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি আদেশ
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী মো. তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (৬ মে) দুপুরে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৮ এর বিচারক ফারহানা সুলতানা এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
পরোয়ানাভুক্ত অন্য আসামিরা হলেন—লাকসাম উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর শ্যালক মহব্বত আলী, লাকসাম পৌরসভার মেয়র আবুল খায়ের, পৌর কাউন্সিলর মোহাম্মদ উল্লাহ, বিপুলাসার ইউপি চেয়ারম্যান ইকবাল মাহমুদ, গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, কান্দিরপাড় ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, কাউন্সিলর খলিলুর রহমান, মনোহরগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীর ভাতিজা আমিরুল ইসলাম, উন্নয়ন সমন্বয়কারী কামাল হোসেন, জাহাঙ্গীর আলম, আজকরা ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম, রুহুল আমিন, আবদুল কাদের শাহীন এবং কাওছার আহমেদ।
আদালত সূত্র জানায়, ২০২৪ সালে লাকসামে চাঁদা দাবি, হামলা, ভাঙচুর, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে তাজুল ইসলামসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেন পৌর বিএনপির এক নেতা।
বিচারক প্রথমে বিষয়টি আমলে নিয়ে লাকসাম থানার ওসিকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে জমা দেওয়া প্রতিবেদনে অভিযোগের সত্যতা মেলায় মঙ্গলবার আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন।