বিতর্ক ও জোট-সংকটে চাপে জামায়াত, বাড়ছে রাজনৈতিক চ্যালেঞ্জ
জাতীয় সংসদে প্রথমবারের মতো প্রধান বিরোধী দলের দায়িত্ব পাওয়ার পর নতুন বাস্তবতায় একাধিক বিতর্কের মুখোমুখি হয়েছে জামায়াতে ইসলামী। দলটির এক সংসদ সদস্যকে ঘিরে ব্যক্তিগত ভিডিওকাণ্ড, সরকারি বরাদ্দে স্বজনপ্রীতির অভিযোগ এবং জোট রাজনীতির টানাপোড়েন—এই তিন ইস্যু বর্তমানে দলটির জন্য বড় রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
*আগামীর সময়*-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান বিরোধী দলের মর্যাদা পাওয়ার পর জামায়াতের প্রতি জনসাধারণের প্রত্যাশা যেমন বেড়েছে, তেমনি বেড়েছে জনপর্যবেক্ষণও। ফলে আগে সীমিত পরিসরে থাকা নানা ঘটনা এখন জাতীয় পর্যায়ের রাজনৈতিক আলোচনায় পরিণত হচ্ছে। আন্দোলনভিত্তিক রাজনীতি থেকে সংসদকেন্দ্রিক বিরোধী দলের ভূমিকায় এসে দলটিকে নতুন বাস্তবতার সঙ্গে মানিয়ে নেওয়ার পরীক্ষা দিতে হচ্ছে।
সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে দলটি। পরে আদর্শিক ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।
দলীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনাটিকে শুধু ব্যক্তিগত বিষয় হিসেবে না দেখে এর আইনগত, সাংগঠনিক ও রাজনৈতিক দিকগুলোও মূল্যায়ন করছে জামায়াতের নেতৃত্ব।
এদিকে সরকারি অনুদান ও ত্রাণ বিতরণে কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ ওঠার পর দলীয়ভাবে সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের স্বাক্ষরিত এক নির্দেশনায় সব সংসদ সদস্যকে সরকারি অনুদান, ত্রাণ ও আর্থিক সহায়তার ক্ষেত্রে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, শ্বশুরবাড়ির সদস্য, ব্যক্তিগত সহকারী (পিএ), ব্যক্তিগত সচিব (পিএস) বা তাদের স্বজনদের জন্য কোনো ধরনের সুপারিশ বা বরাদ্দ না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া স্থানীয় পর্যায়েও সরকারি বরাদ্দে অনিয়ম, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং নৈতিক স্খলনের অভিযোগে একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।