আগস্টজুড়ে সক্রিয় থাকবে বৃষ্টি, সৃষ্টি হতে পারে ২–৩টি লঘুচাপ
আগস্ট মাসজুড়ে দেশের অধিকাংশ এলাকায় স্বাভাবিক থেকে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি মৌসুমি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বেসরকারি আবহাওয়া গবেষণা সংস্থা বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)।
শনিবার (১ আগস্ট) প্রকাশিত মাসব্যাপী আবহাওয়া পূর্বাভাসে সংস্থাটি জানায়, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকা এবং ঢাকা ও সিলেট বিভাগের কিছু অঞ্চলে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হতে পারে। বিশেষ করে সাতক্ষীরা, গোপালগঞ্জ, পটুয়াখালী, ভোলা ও হবিগঞ্জে অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপাত স্বাভাবিকের তুলনায় কিছুটা কম হতে পারে। তবে আগস্টে বড় ধরনের কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা কম বলেও জানিয়েছে সংস্থাটি।
পূর্বাভাস অনুযায়ী, টানা ভারি বর্ষণ ও উজানের ঢলের কারণে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় জলাবদ্ধতা এবং চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকি রয়েছে।
চার সপ্তাহের সম্ভাব্য আবহাওয়া
১–৮ আগস্ট: রংপুর, ময়মনসিংহ, সিলেট ও উত্তর চট্টগ্রামে ভারি থেকে অতিভারি বৃষ্টির সম্ভাবনা।
৯–১৬ আগস্ট: বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা নিম্নচাপ সৃষ্টি হতে পারে; এতে দক্ষিণাঞ্চলে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে।
১৭–২৪ আগস্ট: শক্তিশালী মৌসুমি বৃষ্টিবলয়ের প্রভাবে দেশের অধিকাংশ এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের সম্ভাবনা।
২৫–৩১ আগস্ট: বঙ্গোপসাগরে নতুন মৌসুমি সিস্টেম গড়ে উঠতে পারে, যার প্রভাবে দক্ষিণ ও পূর্বাঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
বিডব্লিউওটি আরও জানায়, মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা মোটামুটি সহনীয় থাকলেও বৃষ্টির বিরতিতে ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। তবে দীর্ঘমেয়াদি খরার কোনো আশঙ্কা নেই।
এ ছাড়া, ১২ আগস্টের পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং ২৮ আগস্টের চন্দ্রগ্রহণ বাংলাদেশ থেকে দেখা যাবে না বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।