প্রাথমিকে ১৪ হাজার ৩৮৪ সহকারী শিক্ষকের যোগদান ১ অক্টোবর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক নিয়োগ ২০২৫’-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর যোগদানের তারিখ নির্ধারণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আগামী ১ অক্টোবর থেকে তারা নিজ নিজ জেলায় যোগদান করবেন।
রোববার (২ আগস্ট) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শূন্য পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা আগামী ১ অক্টোবর সংশ্লিষ্ট জেলার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। তাদের কাছে যথাসময়ে নিয়োগপত্র পাঠানো হবে।
এতে আরও উল্লেখ করা হয়, যোগদানের পর নির্বাচিত শিক্ষকদের পদায়ন সম্পন্ন করা হবে। পরে পর্যায়ক্রমে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।
এর আগে শনিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত শিক্ষক নিয়োগসংক্রান্ত এক জরুরি ভার্চুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, ২৯ অক্টোবর থেকে শিক্ষকদের যোগদান শুরু হবে। তবে সর্বশেষ মন্ত্রণালয়ের চিঠিতে যোগদানের নতুন তারিখ হিসেবে আগামী ১ অক্টোবর নির্ধারণ করা হয়েছে।