স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে নির্যাতনের মামলা করলেন অভিনেত্রী অদিতি শর্মা
হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অদিতি শর্মা স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ এনে থানায় মামলা করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, গত ৩১ জুলাই মুম্বাইয়ের গোরেগাঁও থানায় স্বামী অভিনীত বিদ্যানন্দ কৌশিক, শাশুড়ি উর্মিলা কৌশিক এবং ননদ কীর্তি কৌশিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন অদিতি।
অভিযোগে অভিনেত্রী দাবি করেন, বিয়ের পর থেকেই তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এছাড়া মারধর, অশালীন ভাষায় গালিগালাজ, তার চরিত্র নিয়ে সন্দেহ প্রকাশ এবং বিয়ের গয়না আত্মসাতের অভিযোগও এনেছেন তিনি।
পুলিশকে দেওয়া বয়ানে অদিতি জানান, ২০২১ সালের জুনে একটি অনলাইন অভিনয় কর্মশালায় অভিনীত বিদ্যানন্দ কৌশিকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০২৪ সালের সেপ্টেম্বরে তারা একসঙ্গে বসবাস শুরু করেন এবং একই বছরের ১২ নভেম্বর দুই পরিবারের সম্মতিতে বিয়ে করেন।
অভিনেত্রীর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই স্বামীর আচরণ বদলে যায়। বিভিন্ন তুচ্ছ বিষয় নিয়ে অশান্তি শুরু হয় এবং সংসারের খরচে সহযোগিতা করার পরিবর্তে স্বামী তার কাছ থেকে অর্থ নিতেন।
তিনি আরও দাবি করেন, ২০২৫ সালের ১ জানুয়ারি একটি পারিবারিক তর্কের পর থেকে স্বামী তার চরিত্র নিয়ে সন্দেহ করতে শুরু করেন। নিয়মিত তার মোবাইল ফোন পরীক্ষা করা হতো এবং পরকীয়ার অভিযোগ আনা হতো। একপর্যায়ে স্বামী আলাদা ঘরে থাকতে শুরু করেন বলেও অভিযোগ করেন তিনি।
অদিতির অভিযোগ অনুযায়ী, তাকে বাবা-মায়ের সঙ্গে যোগাযোগ করতেও বাধা দেওয়া হতো। পাশাপাশি বিয়ের সময় পাওয়া সোনার ও হীরার গয়না শাশুড়ি নিজের কাছে রেখে দেন এবং একাধিকবার ফেরত চাইলেও তা ফিরিয়ে দেওয়া হয়নি।
এছাড়া পারিবারিক সমস্যা সমাধানের চেষ্টা করলেও শাশুড়ি ও ননদ সবসময় স্বামীর পক্ষ নিয়েছেন এবং মানসিকভাবে তাকে হয়রানি করেছেন বলে অভিযোগ করেন অভিনেত্রী।
তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।