এনটিআরসিএর বিভিন্ন ইস্যুতে মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ সভা
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যক্রম ও চলমান বিভিন্ন বিষয় পর্যালোচনায় আগামী মঙ্গলবার (৪ আগস্ট) একটি গুরুত্বপূর্ণ সভা আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সভাটি বিকেল ৪টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হবে।
রোববার (২ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভাপতিত্ব করবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এনটিআরসিএর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সভায় কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনায় আসতে পারে। এর মধ্যে রয়েছে চলমান প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগের মৌখিক পরীক্ষা, নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তির অগ্রগতি, ১৮তম শিক্ষক নিবন্ধনের সুপারিশবঞ্চিত প্রার্থীদের বিষয় এবং প্রথম থেকে ১৮তম নিবন্ধনধারীদের বিভিন্ন দাবি ও সমস্যা।
এ ছাড়া এনটিআরসিএর কার্যক্রম আরও কার্যকর ও স্বচ্ছ করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারেন শিক্ষামন্ত্রী। সভায় গৃহীত সিদ্ধান্তগুলো শিক্ষক নিয়োগ-সংক্রান্ত চলমান কার্যক্রমে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।