বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার পর ৯৯৯-এ ফোন মেয়ের
সাভারে বাবাকে ছুরিকাঘাতে হত্যা করার পর জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে বিষয়টি নিজেই জানান মেয়ে জান্নাত জাহান শিফা (২৩)। পরে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার এবং ঘাতক মেয়েকে আটক করে।
বৃহস্পতিবার (৮ মে) সকালে সাভার পৌর এলাকার মজিদপুর কাঠালবাগান মহল্লার একটি ভাড়া ফ্ল্যাট থেকে নিহত আবদুর সাত্তারের (৫৬) মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাটোরের সিংড়া উপজেলার ভগা গ্রামের বাসিন্দা এবং এক কম্পিউটার দোকানে কাজ করতেন।
পুলিশ জানায়, ২০২২ সালে শিফা তাঁর বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে নাটোরের সিংড়া থানায় মামলা করেছিলেন। মামলায় গ্রেপ্তার হয়ে জেল খাটার পর সাত্তার সাভারে মেয়ের সঙ্গে আবার বসবাস শুরু করেন। তাঁদের সম্পর্ক শুরু থেকেই টানাপোড়েনের মধ্যে ছিল, যা হত্যাকাণ্ডের কারণ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
সাভার মডেল থানার উপপরিদর্শক ইমরান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং শিফার বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি চলছে।