বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › বেরোবিতে ১৪৪ ধারা জারির আবেদন, সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত

বেরোবিতে ১৪৪ ধারা জারির আবেদন, সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত

favicon
ভোরের আলো ডেস্ক:
বেরোবিতে ১৪৪ ধারা জারির আবেদন, সংঘর্ষের পর উত্তেজনা অব্যাহত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের সংঘর্ষের পর সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ক্যাম্পাসসংলগ্ন শহীদ আবু সাঈদ চত্বরে ১৪৪ ধারা জারির আবেদন করেছে স্থানীয় প্রশাসন।


মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টায় একই স্থানে ছাত্রদল ও ছাত্রশিবির পৃথক বিক্ষোভ-সমাবেশের কর্মসূচি ঘোষণা করায় নতুন করে সংঘর্ষের আশঙ্কা দেখা দেয়। এ পরিস্থিতিতে জনশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারির উদ্যোগ নেওয়া হয়েছে।


এদিকে, সোমবার রাতের সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ঘটনার কারণ অনুসন্ধানে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।


ঘটনার সূত্রপাত হয় সোমবার (৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক চত্বরে ছাত্রশিবির আয়োজিত ‘জুলাই প্রদর্শনী’কে কেন্দ্র করে। প্রদর্শনীতে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, জামায়াতের সাবেক নেতা গোলাম আজম, মতিউর রহমান নিজামী ও মীর কাসেম আলীকে নিয়ে ‘জুডিশিয়াল কিলিংয়ের শিকার’ লেখা একটি ব্যানার প্রদর্শন করা হয়।


অভিযোগ অনুযায়ী, ওই ব্যানার সরিয়ে নেওয়ার দাবি জানায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। এ নিয়ে দুই পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।


বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।