বুধবার , ০৫ আগস্ট ২০২৬
বুধবার , ০৫ আগস্ট ২০২৬
হোমবিশ্বমুম্বাই পুলিশে ৬ কোটি টাকার বেতন জালিয়াতি, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

মুম্বাই পুলিশে ৬ কোটি টাকার বেতন জালিয়াতি, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

favicon
ভোরের আলো ডেস্ক:
মুম্বাই পুলিশে ৬ কোটি টাকার বেতন জালিয়াতি, পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

ভারতের মুম্বাই পুলিশ বিভাগে প্রায় ৬ কোটি ৪১ লাখ টাকার বেতন জালিয়াতির ঘটনা প্রকাশ্যে এসেছে। পুরোনো পোর্টাল থেকে নতুন সফটওয়্যারে তথ্য স্থানান্তরের সময় তদন্তে দেখা যায়, অস্তিত্বহীন ১০ জনকে কর্মী দেখিয়ে তাদের নামে নিয়মিত বেতন উত্তোলন করা হয়েছে।


ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২০ সালের মধ্যে এই জালিয়াতি সংঘটিত হয়। বিশেষ করে ২০১৯ সালের ডিসেম্বর থেকে ২০২০ সালের ফেব্রুয়ারি এবং একই বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে ভুয়া বেতন উত্তোলনের বেশিরভাগ ঘটনা ঘটে।


তদন্তে উঠে এসেছে, পুলিশে কর্মরত নন—এমন ১০ জনের নামে ভুয়া কর্মী পরিচয় তৈরি করে মাসিক বেতন দেওয়া হয়। অভিযোগ রয়েছে, দপ্তরের কিছু অসাধু কর্মকর্তা জাল হাজিরা রেজিস্টার তৈরি করে এই অর্থ আত্মসাতের সুযোগ করে দেন।


ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তৎকালীন প্রশাসনিক কর্মকর্তা রামকিষাণ গোস্বামী, নাগেশ তালভাদেকর, বিজয়া চাভান এবং কেরানি অজয় রাঠোর ও অমল মেশরামসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।


এরই মধ্যে ভুয়া পরিচয় তৈরি করে অননুমোদিতভাবে বেতন প্রক্রিয়াকরণের অভিযোগে বিজয়া চাভান ও অমল মেশরামকে বরখাস্ত করেছে মুম্বাই পুলিশ। পাশাপাশি তাদের বিরুদ্ধে বিভাগীয় নিষেধাজ্ঞামূলক ব্যবস্থাও নেওয়া হয়েছে।


পুলিশ জানিয়েছে, অস্তিত্বহীন ওই ১০ ব্যক্তির প্রকৃত পরিচয় এবং তাদের নামে ব্যবহৃত ব্যাংক হিসাবগুলো কারা নিয়ন্ত্রণ করত, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।