বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

favicon
ভোরের আলো ডেস্ক:
ব্রাজিলের রাষ্ট্রদূতের ভিসা বাতিল করল যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের মধ্যে কূটনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। ওয়াশিংটনে নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত মারিয়া লুইজা রিবেইরো ভিয়োত্তির ভিসা বাতিল করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।


সম্প্রতি ব্রাজিল সরকার দুই উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তাকে ভিসা দিতে অস্বীকৃতি জানালে তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নেয়। তবে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ভিসা বাতিলের অর্থ রাষ্ট্রদূতকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা নয়; এটি পারস্পরিক কূটনৈতিক পদক্ষেপের অংশ।


পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র বলেন, বিষয়টির সমাধানে কয়েক সপ্তাহ ধরে ব্রাজিল সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও সন্তোষজনক অগ্রগতি হয়নি।


এদিকে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের পদক্ষেপকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেন, মার্কিন কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়ে ওয়াশিংটনের ব্যাখ্যা ‘মিথ্যা’ এবং যুক্তরাষ্ট্র ব্রাজিলের আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে।


এই কূটনৈতিক বিরোধের সূত্রপাত জুলাই মাসে। তখন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দুই জ্যেষ্ঠ কর্মকর্তা—রাইলি এম. বার্নস ও স্যামুয়েল স্যামসনের ব্রাজিল সফরের পরিকল্পনা ছিল। সফরসূচিতে মতপ্রকাশের স্বাধীনতা ও ধর্মীয় স্বাধীনতা নিয়ে আলোচনা ছাড়াও ডানপন্থী প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর সঙ্গে বৈঠকের বিষয় অন্তর্ভুক্ত ছিল।


ফ্লাভিও বলসোনারো সম্প্রতি ব্রাজিলের ইলেকট্রনিক ভোটিং ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেও দেশটির সর্বোচ্চ নির্বাচনী আদালত এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা সেই দাবি প্রত্যাখ্যান করেছেন। নির্বাচন ব্যবস্থা নিয়ে বিতর্ক সৃষ্টি হতে পারে—এমন আশঙ্কায় ব্রাজিল সরকার ওই দুই মার্কিন কর্মকর্তার ভিসা অনুমোদন দেয়নি।