খালাস চেয়ে আজহারের আপিলের রায় ২৭ মে
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের খালাস চেয়ে করা আপিলের শুনানি শেষ হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ মে) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ রায়ের জন্য ২৭ মে দিন ধার্য করেছেন।
সকালে দ্বিতীয় দিনের মতো শুনানিতে আজহারের পক্ষে যুক্তি উপস্থাপন করেন অ্যাডভোকেট মো. শিশির মনির। শুনানি শেষে তিনি বলেন, “এখন পর্যন্ত যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে, তারা সংঘবদ্ধ অন্যায়ের শিকার। আশা করছি আজহার খালাস পাবেন।”
২০১৯ সালের ২৩ অক্টোবর আপিল বিভাগ তার মৃত্যুদণ্ডের রায় বহাল রাখলেও পরে রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে মূল আপিল শুনানির অনুমতি দেওয়া হয়— যা মানবতাবিরোধী অপরাধ সংক্রান্ত মামলায় প্রথম।
এর আগে, ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারকে ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেন। অভিযোগে রংপুর অঞ্চলে গণহত্যা, অপহরণ, ধর্ষণ, নির্যাতন, লুণ্ঠন ও অগ্নিসংযোগের ঘটনা অন্তর্ভুক্ত ছিল।
আজহার খালাস চেয়ে ২০১৫ সালের ২৮ জানুয়ারি আপিল করেন। জামায়াতে ইসলামী এ রায়কে ‘প্রহসন’ বলে দাবি করে আসছে।