বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ০৬ আগস্ট ২০২৬
হোমবিশ্বমোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

favicon
ভোরের আলো ডেস্ক:
মোদির ভিডিও সরানো নিয়ে জাকারবার্গকে ৩ দিনের আলটিমেটাম

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ভিডিও সাময়িকভাবে ফেসবুক থেকে সরিয়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গকে তিন দিনের মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আলটিমেটাম দিয়েছে দেশটির সংসদের যোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক স্থায়ী কমিটি।


ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বিজেপি সংসদ সদস্য নিশিকান্ত দুবের নেতৃত্বাধীন কমিটি ঘটনাটিকে ‘গণতন্ত্রের ওপর আঘাত’ হিসেবে উল্লেখ করেছে। তাদের দাবি, প্রধানমন্ত্রী মোদির ভিডিও অপসারণের মাধ্যমে দেশের নির্বাচিত নেতৃত্বের প্রতি অসম্মান দেখানো হয়েছে।


কমিটি জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়া এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে ফেসবুকের **‘সেফ হারবার’** আইনি সুরক্ষা প্রত্যাহারের বিষয়টি সরকার বিবেচনা করতে পারে। এ সুরক্ষা বাতিল হলে প্ল্যাটফর্মটি ব্যবহারকারীদের প্রকাশিত কনটেন্টের জন্য সরাসরি আইনি দায়ের মুখোমুখি হতে পারে।


গত ২৩ জুলাই নরেন্দ্র মোদির একটি সেলফি-ধাঁচের ভিডিও প্রথমে ইনস্টাগ্রামে প্রকাশিত হয়। পরে ভিডিওটি ফেসবুকে শেয়ার করার পর কিছু সময়ের জন্য সরিয়ে নেওয়া হয়। এতে প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। সমালোচনার মুখে পরে ভিডিওটি পুনরায় চালু করে মেটা।


এ ঘটনায় চলতি সপ্তাহের শুরুতে সংসদীয় কমিটি মেটার কর্মকর্তাদের তলব করে। মেটা ভিডিও অপসারণের কারণ হিসেবে **‘কারিগরি ত্রুটি’** উল্লেখ করে দুঃখ প্রকাশ করলেও ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সেই ব্যাখ্যাকে গ্রহণযোগ্য মনে করেনি।


এদিকে একই কমিটি গুগল, ইউটিউব, এক্স, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটসহ বড় ডিজিটাল প্ল্যাটফর্মগুলোকে শিশুদের যৌন শোষণসংক্রান্ত এবং নারীদের লক্ষ্য করে তৈরি আপত্তিকর কনটেন্ট তিন দিনের মধ্যে অপসারণের নির্দেশ দিয়েছে। অন্যথায় কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।


অন্যদিকে, তেলেঙ্গানা পুলিশ পৃথক অভিযোগে গুগল ও মেটার বিরুদ্ধে মামলা করেছে। গুগলের বিরুদ্ধে প্রতারণামূলক আর্থিক অ্যাপ হোস্ট করার এবং মেটার বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ার অভিযোগ আনা হয়েছে।