শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, ‘তারা আমাদের সম্মান করে’ : ট্রাম্প

ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, ‘তারা আমাদের সম্মান করে’ : ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি, ‘তারা আমাদের সম্মান করে’ : ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা অব্যাহত রয়েছে এবং তেহরান এখন ওয়াশিংটনকে সম্মান করে। একই সঙ্গে তিনি সামরিক সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে একটি সমঝোতায় পৌঁছানোর পক্ষে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেছেন।


স্থানীয় সময় বুধবার (৫ আগস্ট) যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন, তিনি যুদ্ধের চেয়ে কূটনৈতিক সমাধানকে বেশি গুরুত্ব দেন। তার ভাষায়, “আমি মানুষ হত্যা করতে চাই না। তাই যুদ্ধের বদলে একটি চুক্তি করতে চাই।”


ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রস্তুতি নিয়েছিল। তবে ইরানের পক্ষ থেকে আলোচনার আগ্রহ প্রকাশ পাওয়ায় সেই পরিকল্পনা স্থগিত করা হয়। তিনি আরও বলেন, ইরান এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপে রয়েছে এবং “তারা আমাদের সম্মান করে।”


ইরানের পারমাণবিক কর্মসূচির প্রসঙ্গ তুলে ট্রাম্প আবারও বলেন, কোনো পরিস্থিতিতেই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জনের সুযোগ দেওয়া হবে না।


জ্বালানি বাজার নিয়েও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানকে ঘিরে চলমান অচলাবস্থার অবসান হলে আন্তর্জাতিক বাজারে তেল ও জ্বালানির দাম আরও কমে আসবে, যার প্রভাব পেট্রলের দামেও পড়বে।


এর আগে গত ১৮ জুন ওয়াশিংটন ও তেহরান একটি কাঠামোগত চুক্তি স্বাক্ষরের মাধ্যমে চূড়ান্ত সমঝোতার লক্ষ্যে আলোচনা শুরু করেছিল। তবে হরমুজ প্রণালিতে নিরাপত্তা ও অবাধ নৌ-চলাচল নিশ্চিত করার বিষয়টি নিয়ে মতবিরোধ দেখা দেওয়ায় সেই আলোচনা স্থবির হয়ে পড়ে।


গত মাসে দুই দেশের মধ্যে উত্তেজনা আবারও বৃদ্ধি পায়। ওই সময় যুক্তরাষ্ট্র ইরানের অভ্যন্তরে হামলা চালায়। জবাবে ইরান জর্ডান, বাহরাইন ও কুয়েতসহ কয়েকটি আরব দেশে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর দাবি করে।