শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
শুক্রবার , ০৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বইঙ্গিতপূর্ণ মন্তব্যে ফের বিতর্কে কঙ্গনা, নেটিজেনদের নজর সোনাক্ষীর দিকে

ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ফের বিতর্কে কঙ্গনা, নেটিজেনদের নজর সোনাক্ষীর দিকে

favicon
ভোরের আলো ডেস্ক:
ইঙ্গিতপূর্ণ মন্তব্যে ফের বিতর্কে কঙ্গনা, নেটিজেনদের নজর সোনাক্ষীর দিকে

বিজেপির সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আবারও বিতর্কের কেন্দ্রে। সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে নাম উল্লেখ না করেই এক সহ-অভিনেত্রীকে কটাক্ষ করেছেন তিনি। ওই পোস্টে অভিনেত্রীর পোশাক, ভাষা ও রাজনৈতিক অবস্থান নিয়ে মন্তব্য করায় নতুন করে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।


সম্প্রতি প্রকাশিত পোস্টে কঙ্গনা লেখেন, তিনি কারও নাম বলতে চান না, তবে এক ‘জিহাদি মোটা অভিনেত্রী’ বিভিন্ন আন্দোলন নিয়ে সরব হলেও অন্য কিছু বিষয়ে নীরব ছিলেন বলে দাবি করেন। একই সঙ্গে তাকে নিয়ে ছড়ানো কিছু তথ্যও মিথ্যা বলে উল্লেখ করেন তিনি।


আরেকটি পোস্টে কঙ্গনা বলেন, তিনি লক্ষ্য করেছেন এক অভিনেত্রীর পোশাক ও কথাবার্তার ধরন অনেক বদলে গেছে। তার দাবি, একজন মানুষের পোশাক ও উপস্থাপনা ব্যক্তিত্বের প্রতিফলন ঘটায়। ওই অভিনেত্রীকে উদ্দেশ্য করে তিনি লেখেন, আগে তিনি পরিপাটি ও মার্জিত ছিলেন, তবে এখন তার স্টাইলে পরিবর্তন এসেছে। প্রয়োজনে তাকে সাহায্য করতেও প্রস্তুত বলে মন্তব্য করেন কঙ্গনা।


পরে প্রকাশিত এক ভিডিওবার্তায় অভিনেত্রী বলেন, কিছু সহ-অভিনেত্রী দীর্ঘদিন ধর্ম ও রাজনীতি নিয়ে নিরপেক্ষ অবস্থানে থাকলেও বিয়ের পর তাদের রাজনৈতিক অবস্থান বদলে গেছে। একই সঙ্গে নিজের রাজনৈতিক ও আদর্শিক পরিবর্তনের কথাও তুলে ধরে তিনি বলেন, অতীতে আধুনিক জীবনধারায় বিশ্বাসী থাকলেও এখন তিনি একজন কট্টর হিন্দু হিসেবে নিজের অবস্থান প্রকাশ করেন। তার মতে, মতাদর্শ পরিবর্তনের অধিকার সবারই রয়েছে।


যদিও কঙ্গনা কোথাও কোনো অভিনেত্রীর নাম উল্লেখ করেননি, সামাজিকমাধ্যমে অনেকেই ধারণা করছেন, তার মন্তব্য অভিনেত্রী সোনাক্ষী সিনহাকে উদ্দেশ্য করেই করা হয়েছে। কারণ সাম্প্রতিক বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ইস্যুতে সোনাক্ষীর প্রকাশ্য অবস্থান এবং তার ভিডিওগুলোর সঙ্গে কঙ্গনার মন্তব্যের মিল খুঁজে পাচ্ছেন অনেকে। তবে এ বিষয়ে সোনাক্ষী সিনহার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


এদিকে কঙ্গনার বক্তব্য প্রকাশের পর সামাজিকমাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। অনেক নেটিজেন তার অতীতের বিভিন্ন ছবি ও চলচ্চিত্রের দৃশ্য শেয়ার করে দ্বিমুখী অবস্থানের অভিযোগ তুলেছেন। পাশাপাশি গায়ক বিশাল দাদলানি ও অভিনেতা সোনু সুদসহ কয়েকজন পরিচিত তারকাও কঙ্গনার মন্তব্যের সমালোচনা করেছেন।