রবিবার , ০৯ আগস্ট ২০২৬
রবিবার , ০৯ আগস্ট ২০২৬
হোমবিশ্বঅস্ত্রভাণ্ডারের মজুত কমার তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

অস্ত্রভাণ্ডারের মজুত কমার তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
অস্ত্রভাণ্ডারের মজুত কমার তথ্য ফাঁসে ক্ষুব্ধ ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের গুরুত্বপূর্ণ সময়ে যুক্তরাষ্ট্রের অস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ার তথ্য প্রকাশ্যে আসায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশঙ্কা, এসব তথ্য প্রকাশের ফলে ইরানসহ প্রতিপক্ষের কাছে যুক্তরাষ্ট্রকে দুর্বল মনে হতে পারে।


শুক্রবার (৭ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট।


প্রতিবেদন অনুযায়ী, মার্কিন অস্ত্রভাণ্ডারে কিছু গুরুত্বপূর্ণ গোলাবারুদের মজুত কমে যাওয়ার বিষয়টি নিয়ে ব্যক্তিগতভাবে হতাশ ট্রাম্প। গত সপ্তাহে ক্যাম্প ডেভিডে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি উত্থাপন করেন তিনি। বিশেষ করে গণমাধ্যমে এ নিয়ে গুরুত্ব দিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় ক্ষুব্ধ হন মার্কিন প্রেসিডেন্ট।


তবে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের অস্ত্রের সম্ভাব্য সংকট সম্পর্কে ট্রাম্প কয়েক মাস ধরেই অবগত ছিলেন। ফলে তার ক্ষোভের মূল কারণ অস্ত্রের মজুত কমে যাওয়া নয়; বরং বিষয়টি প্রকাশ্যে আসা এবং এ নিয়ে জনমনে আলোচনা বাড়তে থাকা।


এদিকে বৃহস্পতিবার (৬ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার নিয়ে আত্মপক্ষ সমর্থন করেন ট্রাম্প। তিনি দাবি করেন, বিশেষ করে কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রসহ যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ গোলাবারুদ রয়েছে। প্রয়োজন অনুযায়ী আরও বিপুল অস্ত্র উৎপাদন করে সরবরাহ করা হচ্ছে বলেও জানান তিনি।


ট্রাম্প আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক অস্ত্র কারখানা ও উৎপাদনকেন্দ্র তৈরি করছে প্রতিরক্ষা কোম্পানিগুলো। তবে একই বক্তব্যে তিনি স্বীকার করেন, কিছু নির্দিষ্ট ধরনের অস্ত্রের সরবরাহ তুলনামূলকভাবে সীমিত।


পরে ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, কিছু গোলাবারুদের মজুত ‘কঠিন অবস্থায়’ রয়েছে। তবে অপেক্ষাকৃত কম উন্নত অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রায় সীমাহীন সরবরাহ রয়েছে বলেও দাবি করেন তিনি।


### তথ্য ফাঁসকারীদের বিরুদ্ধে ব্যবস্থা


অস্ত্রের মজুত কমে যাওয়ার তথ্য কারা প্রকাশ্যে এনেছে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ট্রাম্প। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে তিনি তথ্য ফাঁসকারীদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড হতে পারে বলে সতর্ক করেছেন।


হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের ওপর ট্রাম্পের ক্ষোভ নেই। বরং অস্ত্রের মজুতসংক্রান্ত তথ্য ফাঁসকারীদের লক্ষ্য করেই তার অসন্তোষ।


বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেওয়া আরেক পোস্টে ট্রাম্প পিট হেগসেথের কাজের প্রশংসা করে বলেন, প্রতিরক্ষামন্ত্রীর কাজে তিনি অত্যন্ত সন্তুষ্ট।


এক মার্কিন কর্মকর্তা সিএনএনকে বলেন, ট্রাম্প কখনোই হেগসেথকে দোষারোপ করেননি; তার ক্ষোভ পুরোপুরি তথ্য ফাঁসকারীদের নিয়ে।


মার্কিন প্রশাসনের ভেতর থেকে কারা অস্ত্রের মজুত নিয়ে তথ্য প্রকাশ করেছে, তা শনাক্ত করতে বিচার বিভাগকে নির্দেশ দিয়েছেন ট্রাম্প। তথ্য ফাঁসকারীদের ‘রাষ্ট্রদ্রোহী’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।