ইরানের সব শর্ত মানলেই হরমুজ প্রণালি খুলবে: আইআরজিসি
যুক্তরাষ্ট্র ইরানের সব শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হবে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। একই সঙ্গে প্রণালিটি খোলার বিষয়টি ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার ফলাফলের ওপর নির্ভরশীল নয় বলেও দাবি করেছে সংগঠনটি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে আইআরজিসির মুখপাত্র সারদার মোহেবির বক্তব্য তুলে ধরা হয়।
মোহেবি বলেন, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি ইরানের নির্ধারিত সুনির্দিষ্ট প্রক্রিয়া ও শর্তের ওপর নির্ভর করছে। ইরানের কাছে এই প্রণালি শুধু একটি অর্থনৈতিক নৌপথ নয়, বরং ভৌগোলিক ও কৌশলগত শক্তির গুরুত্বপূর্ণ উপাদান।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রকে ইরানের সব শর্ত সম্পূর্ণভাবে মেনে নিতে হবে এবং আঞ্চলিক আলোচনায় হস্তক্ষেপ বন্ধ করতে হবে। এরপরই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে।
আইআরজিসির এই মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র ইরানের শর্ত মেনে নিলেই হরমুজ প্রণালি অবশ্যই খুলে দেওয়া হবে।
আইআরজিসির বক্তব্যে স্পষ্ট হয়েছে, হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়টি শুধু ওমানের সঙ্গে ইরানের চলমান আলোচনার ফলাফলের ওপর নির্ভর করছে না। বরং যুক্তরাষ্ট্রের সঙ্গে বৃহত্তর সমঝোতার বিষয়টিও এর সঙ্গে সরাসরি সম্পর্কিত বলে ইঙ্গিত দিয়েছে সংগঠনটি।