নেতৃত্বের সিদ্ধান্তের সঙ্গে শেষ পর্যন্ত থাকব: ইরানের প্রেসিডেন্ট
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্তই নিক, ইরানের জনগণ শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের পাশে থাকবে। ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।
পেজেশকিয়ান বলেন, যুদ্ধের কমান্ডাররা পরিস্থিতি সম্পর্কে সাধারণ মানুষের চেয়ে ভালো জানেন। ইরানের যুদ্ধ করা উচিত কি না, সে বিষয়ে তারাই দেশের সামরিক সক্ষমতা ও পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিতে পারবেন।
তিনি বলেন, নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে, তারা শেষ পর্যন্ত সেই সিদ্ধান্তের সঙ্গে থাকবে। দেশের জন্য প্রয়োজনে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতেও তারা প্রস্তুত।
ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, দেশের নেতৃত্বের পাশে তারা শেষ পর্যন্ত থাকবেন। যুদ্ধ বা লড়াই চালিয়ে যেতে তিনি ভয় পান না বলেও মন্তব্য করেন পেজেশকিয়ান। প্রয়োজন হলে নিজেদের ঝুঁকির মধ্যেও দেশের জন্য কাজ করার কথা জানান তিনি।