জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি, হাড়ে ছড়িয়েছে ক্যান্সার
সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তার প্রোস্টেট ক্যান্সার হাড়সহ শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন তার ছেলে হান্টার বাইডেন।
সম্প্রতি বিবিসির বিশেষ সাক্ষাৎকারভিত্তিক অনুষ্ঠান ‘নিউজনাইট’-এ দেওয়া সাক্ষাৎকারে হান্টার বাইডেন বাবার শারীরিক অবস্থার বিষয়ে এ তথ্য জানান।
হান্টার বলেন, তার বাবার ক্যান্সার দিন দিন আরও ছড়িয়ে পড়ছে। রোগটি এখন হাড় ও শরীরের অন্যান্য অংশে গভীরভাবে ছড়িয়ে পড়েছে। এর ফলে জো বাইডেন তীব্র ব্যথায় ভুগছেন এবং শারীরিকভাবে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন।
২০২৫ সালের মে মাসে জো বাইডেন প্রকাশ্যে জানান, তিনি মারাত্মক ধরনের প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত এবং সেটি ইতোমধ্যে তার হাড়ে ছড়িয়ে পড়েছে। পরে একই বছরের অক্টোবরে তার মুখপাত্র জানান, ক্যান্সার নিয়ন্ত্রণে তিনি রেডিয়েশন ও হরমোন থেরাপিসহ উন্নত চিকিৎসা নিচ্ছেন।
গুরুতর অসুস্থতার মধ্যেও বাইডেন সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ড থেকে পুরোপুরি সরে যাননি। গত জুনে শিকাগোতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ‘প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি’ উদ্বোধনী অনুষ্ঠানেও তাকে দেখা যায়।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত বারাক ওবামার প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন জো বাইডেন।
এদিকে, আগামী ১৭ নভেম্বর বাইডেনের প্রেসিডেন্ট জীবনের স্মৃতিচারণমূলক আত্মজীবনী প্রকাশিত হওয়ার কথা রয়েছে।