সোমবার সকাল ১০টায় এসএসসির ফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামীকাল সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ফলাফল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
রোববার (৯ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আব্দুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফলাফল উদ্বোধন অনুষ্ঠানে দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান শিক্ষামন্ত্রীর কাছে পরীক্ষার ফল হস্তান্তর করবেন।
বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, সোমবার সকাল ১০টায় একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
ফল প্রকাশের পর সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে পরীক্ষার্থীরা ফল জানতে পারবেন। এ ছাড়া eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—এই দুটি অভিন্ন ওয়েবসাইট থেকেও ফল জানা যাবে। শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।
এসএমএসে ফল জানার নিয়ম
মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। এ জন্য মেসেজ অপশনে গিয়ে প্রথমে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।
ফিরতি এসএমএসে পরীক্ষার ফল জানিয়ে দেওয়া হবে।
পুনর্নিরীক্ষণের আবেদন ১১ আগস্ট থেকে
ফল প্রকাশের পর ফল পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অনলাইনে পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহণ করা হবে। আবেদন প্রক্রিয়া ও সংশ্লিষ্ট নির্দেশনা নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।