ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরায়েল ‘পুরোপুরি ব্যর্থ’: আইআরজিসি জেনারেল
ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের নির্ধারিত লক্ষ্য অর্জনে ‘পুরোপুরি ব্যর্থ’ হয়েছে বলে দাবি করেছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসানজাদেহ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, শনিবার (৮ আগস্ট) তেহরানে এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ দাবি করেন তিনি।
হাসানজাদেহ বলেন, ইরানের জনগণের শক্তি এবং বাসিজ বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি দেশটিকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে অন্যতম প্রধান শক্তিতে পরিণত করেছে।
তিনি আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের সামনে এখন তাদের বারবার ব্যর্থতার বিষয়ে জনগণ, বুদ্ধিজীবী এবং নিজেদের দেশের মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই।
ইরানি এই জেনারেলের ভাষায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে লক্ষ্য নির্ধারণ করেছিল, তা অর্জনে তারা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
হাসানজাদেহের এই বক্তব্য এমন এক সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধ-পরবর্তী উত্তেজনা এখনো অব্যাহত রয়েছে। একই সঙ্গে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ঘিরেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে টানাপোড়েন চলছে।
ইরানি কর্মকর্তারা সাম্প্রতিক বক্তব্যগুলোতে নিজেদের সামরিক সক্ষমতা ও প্রতিরোধের শক্তির ওপর জোর দিয়ে আসছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পক্ষ থেকেও সামরিক অভিযানের সাফল্য নিয়ে পাল্টা দাবি করা হয়েছে। ফলে যুদ্ধের প্রকৃত ফলাফল ও উভয় পক্ষের ঘোষিত লক্ষ্য কতটা অর্জিত হয়েছে, তা নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে ভিন্ন ভিন্ন মূল্যায়ন রয়েছে।