সোমবার , ১০ আগস্ট ২০২৬
সোমবার , ১০ আগস্ট ২০২৬
হোমশিক্ষাএসএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

এসএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

favicon
ভোরের আলো ডেস্ক:
এসএসসি ও সমমানের ফল আজ, জানা যাবে ৩ উপায়ে

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ হচ্ছে আজ সোমবার (১০ আগস্ট)। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলাফল উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।


ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তিনভাবে তাদের ফল জানতে পারবেন—অনলাইনে, নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এবং মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে।


শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নিজ নিজ বোর্ডের ফল পাওয়া যাবে। পাশাপাশি অভিন্ন দুটি ওয়েবসাইট—eduboardresult.gov.bd ও educationboardresults.gov.bd—থেকেও ফল জানা যাবে।


এ ছাড়া শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল সংগ্রহ করতে পারবেন।


### এসএমএসে যেভাবে ফল জানা যাবে


মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে মেসেজ অপশনে গিয়ে প্রথমে ‘SSC’ লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, এরপর স্পেস দিয়ে রোল নম্বর এবং আরেকটি স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।


ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য এসএমএসের ফরম্যাট হবে: **SSC DHA ROLL YEAR**।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের দাখিল পরীক্ষার্থীদের ক্ষেত্রে লিখতে হবে **SSC MAD ROLL YEAR**। আর কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষার্থীদের জন্য ফরম্যাট **SSC TEC ROLL YEAR**।


প্রতিটি এসএমএসের জন্য ১ টাকা ৩৯ পয়সা চার্জ প্রযোজ্য হবে। এর মধ্যে সব ধরনের কর অন্তর্ভুক্ত রয়েছে।


### পরীক্ষার্থীর সংখ্যা


এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নেয় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।


মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।