‘টক্সিক’-এর কঠিন সময়ে স্ত্রী রাধিকাকে পাশে পেয়ে কৃতজ্ঞ ইয়াশ
দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ইয়াশ তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক’-কে ক্যারিয়ারের অন্যতম কঠিন প্রজেক্ট হিসেবে উল্লেখ করেছেন। ছবিটির ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে তিনি জানান, বিভিন্ন লুকের জন্য তাকে দীর্ঘ সময় ধরে কঠোর শারীরিক পরিশ্রম করতে হয়েছে।
এই কঠিন সময়ে পাশে থাকার জন্য স্ত্রী রাধিকা পণ্ডিতের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অভিনেতা।
সম্প্রতি বেঙ্গালুরুতে আয়োজিত ‘টক্সিক’-এর ট্রেলার উন্মোচন অনুষ্ঠানে ইয়াশ বলেন, চরিত্রের প্রয়োজনে তাকে নিজের স্বাচ্ছন্দ্যের গণ্ডি থেকে বেরিয়ে আসতে হয়েছে। ছবিতে তার দুই-তিনটি ভিন্ন লুক রয়েছে এবং প্রতিটির জন্যই তাকে অনেক পরিশ্রম করতে হয়েছে।
স্ত্রীর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার স্ত্রীকে অনেক ধন্যবাদ জানাতে চাই। আমার সঙ্গে থাকা বা এক ছাদের নিচে থাকা মোটেও সহজ বিষয় নয়। এই ছবিটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। পুরো যাত্রায় রাধিকা আমার সবচেয়ে বড় অবলম্বন হয়ে দাঁড়িয়েছিল।’
‘টক্সিক’ ছবিতে সার্কাস শিল্পী নাদিয়ার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। ছবির ‘তাবাহি’ গানে ইয়াশের সঙ্গে তার কিছু ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা ও ট্রোলিংয়ের মুখে পড়েন কিয়ারা।
এ বিষয়ে ইয়াশ বলেন, অনলাইনের নেতিবাচক মন্তব্য নিয়ে অতিরিক্ত চিন্তা না করে নিজের কাজের প্রতি সৎ থাকা উচিত। একজন অভিনেতাকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হয়। তবে সেসব নিয়ে বিচলিত না হয়ে নিজের বিশ্বাস অনুযায়ী কাজ করে যাওয়া উচিত। সময়ের সঙ্গে দর্শক সেই কাজের মূল্যায়ন করবেন বলেও মন্তব্য করেন তিনি।
গীতু মোহনদাস পরিচালিত অ্যাকশন-থ্রিলার ‘টক্সিক’ মূলত কন্নড় ও ইংরেজি ভাষায় নির্মিত হয়েছে। সিনেমাটি হিন্দি, তেলুগু, তামিল ও মালয়ালম ভাষাতেও মুক্তি পাওয়ার কথা রয়েছে।
ইয়াশের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আদভানি, তারা সুতারিয়া, রুক্মিণী বসন্ত ও হুমা কোরেশী। আগামী ২৬ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।