মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
মঙ্গলবার , ১১ আগস্ট ২০২৬
হোমশিক্ষাগুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

গুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

favicon
ভোরের আলো ডেস্ক:
গুম হওয়া ছাত্রদল নেতা সোহেলের ছেলে এসএসসিতে উত্তীর্ণ, প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

রাজধানীর সূত্রাপুর থানা ছাত্রদলের নেতা খালেদ হাসান সোহেলের ছেলে সাদমান শিহাব চলতি বছরের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তার এ সাফল্যে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।


সোমবার (১০ আগস্ট) এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর শিহাবের ফলাফলের বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে আসে। পরে তার নির্দেশনায় অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন শিহাবের জন্য উপহার পাঠানোর ব্যবস্থা করেন।


প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী ‘আমরা বিএনপি পরিবার’-এর একটি প্রতিনিধিদল পুরান ঢাকার বাংলাবাজার এলাকায় শিহাবের বাসায় যায়। সেখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শিহাবের হাতে ফুল, মিষ্টি ও গল্পের বই তুলে দেওয়া হয়।


এ সময় শিহাবের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে প্রধানমন্ত্রীর একটি বিশেষ বার্তাও তার কাছে পৌঁছে দেওয়া হয়।


খালেদ হাসান সোহেল ২০১৩ সালের ২৮ নভেম্বর রাজধানীর পুরান ঢাকা এলাকা থেকে সাদা পোশাকে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দেওয়া ব্যক্তিদের হাতে তুলে নেওয়া হন বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। এরপর এক যুগেরও বেশি সময় পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।