‘ফলাফল তোমার পরিচয় নয়’: অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন শিক্ষামন্ত্রী
এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নতুন করে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে এসব শিক্ষার্থীর পাশে দাঁড়িয়ে তাদের জন্য ঘরকে নিরাপদ আশ্রয়স্থল করে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের উদ্দেশে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
অকৃতকার্য শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, এবারের এসএসসি পরীক্ষায় যারা উত্তীর্ণ হতে পারেনি, তাদের জন্য দিনটি স্বাভাবিকভাবেই কষ্ট ও হতাশার। বন্ধুদের সাফল্য, পরিবারের প্রতিক্রিয়া এবং নিজের ভেতরের অস্বস্তি—সব মিলিয়ে অনেকের মনে হতে পারে সবকিছু থেমে গেছে। তবে বাস্তবে কিছুই থেমে যায়নি।
শিক্ষামন্ত্রী বলেন, পরীক্ষার ফল কোনো শিক্ষার্থীর পরিচয় নির্ধারণ করে না। এটি নির্দিষ্ট সময়ে পরীক্ষার খাতায় দেওয়া উত্তরের একটি মূল্যায়ন মাত্র। শিক্ষার্থীর পরিশ্রম, স্বপ্ন ও সম্ভাবনার কোনো নম্বর হয় না।
অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ফল খারাপ হওয়ায় সন্তান হয়তো পরিবারের সদস্যদের মুখোমুখি হতে ভয় পাচ্ছে। এই সময়ে বকাঝকা, উপেক্ষা বা কঠিন কথার পরিবর্তে সন্তানকে স্নেহ ও সহানুভূতি দেওয়া প্রয়োজন। ঘরকে সন্তানের জন্য বিচার করার জায়গা না বানিয়ে নিরাপদ আশ্রয় হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।
শিক্ষকদেরও অকৃতকার্য শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী। কোনো শিক্ষার্থী কেন পিছিয়ে পড়েছে, তার কারণ খুঁজে বের করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার দায়িত্ব শিক্ষকদেরও রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
মন্ত্রী বলেন, শিক্ষার্থীর ব্যর্থতার দায় শুধু তার নিজের নয়; এর সঙ্গে পরিবার, শিক্ষক ও শিক্ষাব্যবস্থারও দায়িত্ব জড়িত। তাই অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না করে তাদের ঘুরে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।