আখেরি চাহার শোম্বায় বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান
**আখেরি চাহার শোম্বায় বুধবার বন্ধ থাকবে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান**
পবিত্র আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সরকারি ছুটির তালিকা অনুযায়ী এ উপলক্ষে এক দিনের ছুটি নির্ধারিত রয়েছে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, ছুটির আওতায় থাকবে সরকারি-বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আখেরি চাহার শোম্বা উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোও এ ছুটির আওতায় থাকবে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ও পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বুধবার ছুটি ঘোষণা করেছে। রাজধানীসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানও এ উপলক্ষে ছুটির নোটিশ প্রকাশ করেছে।
তবে আখেরি চাহার শোম্বা উপলক্ষে দেশে কোনো সরকারি সাধারণ ছুটি নেই। এটি ঐচ্ছিক ছুটির আওতাভুক্ত।
‘আখেরি চাহার শোম্বা’ আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। ‘আখেরি’ অর্থ শেষ, ‘চাহার’ অর্থ চার এবং ‘শোম্বা’ অর্থ বুধবার। অর্থাৎ সফর মাসের শেষ বুধবারকে আখেরি চাহার শোম্বা বলা হয়।
এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে দোয়া, মিলাদ মাহফিল, ওয়াজ-নসিহত, জিকির-আজকার ও মোনাজাতের আয়োজন করা হয়ে থাকে।