সিরিয়ায় ইসরায়েলি হামলার ‘কোনো বৈধ ভিত্তি নেই’: পররাষ্ট্রমন্ত্রী
সিরিয়ার আবু আল-দুহুর বিমানঘাঁটিতে সাম্প্রতিক ইসরায়েলি বিমান হামলার কোনো বৈধ ভিত্তি বা যৌক্তিকতা ছিল না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল-শাইবানী। ওই ঘাঁটিতে তুরস্কের সামরিক ঘাঁটি স্থাপনের প্রস্তুতি চলছিল—ইসরায়েলের এমন দাবিও সরাসরি প্রত্যাখ্যান করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম এক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে আল-শাইবানী বলেন, আবু আল-দুহুরে কোনো তুর্কি সামরিক ঘাঁটি স্থাপন বা স্থায়ীভাবে তুর্কি সেনা মোতায়েনের পরিকল্পনা ছিল না। বরং বিমানঘাঁটিটি মূলত ফাঁকা অবস্থায় ছিল। সিরীয় বিমানবাহিনীর ব্যবহারের উপযোগী করতে যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত রানওয়ে ও অন্যান্য অবকাঠামোর সাধারণ সংস্কারকাজ চলছিল।
হামলার কয়েক দিন আগে ঘাঁটিতে তুর্কি সামরিক কর্মকর্তাদের সফরের বিষয়টি স্বীকার করে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ছিল নিয়মিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়ের অংশ। সৌদি আরব, জর্ডান, কাতার ও রাশিয়ার সঙ্গে সিরিয়ার যে ধরনের সামরিক সহযোগিতা রয়েছে, তুরস্কের সঙ্গেও এ সফরকে একই ধরনের সহযোগিতার অংশ হিসেবে উল্লেখ করেন তিনি।
আল-শাইবানী বলেন, সিরিয়া একটি সার্বভৌম রাষ্ট্র এবং তুরস্কসহ বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অধিকার দামেস্কের রয়েছে।
তিনি আরও জানান, সিরিয়া যুক্তরাষ্ট্রকে স্পষ্টভাবে জানিয়েছে যে দেশটির প্রতি ইসরায়েলের উদ্দেশ্যকে বিশ্বাসযোগ্য মনে করছে না দামেস্ক। তেল আবিবের বর্তমান নীতি সিরিয়া বা বৃহত্তর আঞ্চলিক স্থিতিশীলতায় কোনো ইতিবাচক ভূমিকা রাখছে না বলেও মন্তব্য করেন তিনি।
সিরিয়া নিরাপত্তা-সংক্রান্ত সমঝোতায় যেতে প্রস্তুত বলেও জানান আল-শাইবানী। তবে উত্তেজনা প্রশমনের দায়িত্ব কোনো একক পক্ষের ওপর বর্তায় না বলেও তিনি উল্লেখ করেন।