প্রাথমিক শিক্ষা পরিচালনায় নতুন নীতিমালা প্রণয়ন করবে সরকার
প্রাথমিক শিক্ষাব্যবস্থা পরিচালনায় শিগগিরই নতুন নীতিমালা প্রণয়ন করতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে দেশের বিভিন্ন বিভাগে পর্যায়ক্রমে কর্মশালা আয়োজন করা হচ্ছে।
চলতি আগস্ট মাসের মধ্যেই সব বিভাগে কর্মশালা শেষ করার পরিকল্পনা রয়েছে। কর্মশালাগুলো থেকে পাওয়া মতামতের ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে।
রোববার (২৩ আগস্ট) সকালে বরিশাল নগরীর শিল্পকলা একাডেমিতে ‘বাংলাদেশ প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি ও প্রশাসনিক কাঠামোর সংস্কার’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য জানান সংশ্লিষ্ট প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্ন একটি সুশিক্ষিত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্য বাস্তবায়নে প্রাথমিক শিক্ষা পরিবারের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
কর্মশালায় প্রাথমিক শিক্ষার শ্রেণি কার্যক্রম পরিচালনা, মনিটরিং, জবাবদিহি এবং প্রশাসনিক কাঠামো সংস্কারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষার বরিশাল বিভাগের উপপরিচালক নিলুফার ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মিরাজুল ইসলাম উকিল এবং উপসচিব (প্রশাসন-১) মোহাম্মদ সাখাওয়াত হোসেন সরকার।
কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনরা প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শ্রেণি কার্যক্রমের তদারকি, জবাবদিহি নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কাঠামোর সংস্কার নিয়ে মতামত দেন।