শিক্ষার সব স্তরে জাতীয় কোরআন প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগ
শিক্ষার বিভিন্ন স্তরে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতা আয়োজন করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বাড়াতে সরকার এ উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি।
সোমবার (২৪ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে পবিত্র কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হবে। শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ বিকাশে শিক্ষার বিভিন্ন স্তরে এ প্রতিযোগিতা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
এর আগে গত ১৮ জুন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনার কথা জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী।
সেসময় তিনি বলেছিলেন, সরকার শিক্ষার সব ক্ষেত্রে সমন্বিতভাবে কাজ করছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে কোরআন প্রতিযোগিতা আয়োজনের পরিকল্পনা রয়েছে। শিক্ষার্থীদের নৈতিকতা, পারিবারিক মূল্যবোধ ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হবে।