বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার , ২৭ আগস্ট ২০২৬
হোমবিশ্বমোজতবা খামেনি আহত হলেও জীবিত আছেন: ট্রাম্প

মোজতবা খামেনি আহত হলেও জীবিত আছেন: ট্রাম্প

favicon
ভোরের আলো ডেস্ক:
মোজতবা খামেনি আহত হলেও জীবিত আছেন: ট্রাম্প

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সামরিক অভিযানে গুরুতর আহত হলেও এখনও জীবিত আছেন বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিন তাকে জনসমক্ষে দেখা না যাওয়ায় তার শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে নানা জল্পনার মধ্যে ট্রাম্প এ মন্তব্য করলেন।


মার্কিন ভাষ্যকার গ্লেন বেককে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মোজতবা খামেনি মারা গেছেন বলে তিনি মনে করেন না। তবে তার দাবি, হামলায় খামেনি গুরুতর আহত হয়েছেন এবং তার শরীরের বাম পাশ, হাত ও পা ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইরানের নেতৃত্ব তার অসুস্থতা বা মৃত্যুর তথ্য গোপন করছে কি না—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তেহরান যদি বিষয়টি আড়াল করে থাকে, তাহলে তারা একটি সুপরিকল্পিত প্রতারণা চালাচ্ছে।


সাক্ষাৎকারে মার্কিন সামরিক বাহিনীর সক্ষমতারও প্রশংসা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, আগের রাতে মার্কিন বাহিনী ২২টি নৌকা ধ্বংস করেছে। তার ভাষ্য, মার্কিন নৌবাহিনী অসাধারণ কাজ করছে এবং চলমান সামরিক অভিযান বড় ধরনের বিজয়ের দিকে এগিয়ে যাচ্ছে।


এদিকে মোজতবা খামেনির স্বাস্থ্য ও অবস্থান নিয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন তথ্য খণ্ডন করতে তৎপর হয়েছে ইরানি গণমাধ্যম। তবে মঙ্গলবার (২৫ আগস্ট) আল আরাবিয়ার এক প্রতিবেদনে বলা হয়, ইরানের ফার্স নিউজ ও মেহের নিউজে প্রচারিত সুস্থ খামেনির একটি ভিডিও পুরোনো এবং তারিখবিহীন আর্কাইভ ফুটেজ। ওই ফুটেজটি মোজতবা খামেনি সর্বোচ্চ নেতা হওয়ার আগের সময়ের বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এর আগে ইসরায়েলি ও আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, সামরিক হামলায় মোজতবা খামেনি গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে তেহরান এসব দাবি সরাসরি প্রত্যাখ্যান করেছে।


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও দাবি করেছেন, সর্বোচ্চ নেতা সম্পূর্ণ সুস্থ আছেন এবং নিয়মিত দীর্ঘ প্রশাসনিক বৈঠকে অংশ নিচ্ছেন।


গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি যৌথ বিমান হামলায় তার বাবা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর মোজতবা খামেনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব নেন। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। তিনি লিখিত বিবৃতির মাধ্যমে বিভিন্ন বিষয়ে নিজের অবস্থান জানিয়ে আসছেন।