শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬
হোমবিনোদনকেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

favicon
ভোরের আলো ডেস্ক:
কেবিসির পরই অজয় দেবগন, ফিরছে ‘ক্রাইম পেট্রোল’

টেলিভিশনে নতুন ভূমিকায় দেখা যাবে বলিউড অভিনেতা অজয় দেবগনকে। জনপ্রিয় ক্রাইমভিত্তিক অনুষ্ঠান ‘ক্রাইম পেট্রোল’-এর নতুন মৌসুম ‘ক্রাইম পেট্রোল—ক্রাইম কা কারেন্ট সিজন’-এর সঞ্চালকের দায়িত্ব নিয়েছেন তিনি।


আগামী ৩১ আগস্ট থেকে নতুন মৌসুমটির প্রচার শুরু হবে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


নতুন মৌসুমটি সপ্তাহে চার দিন—সোমবার থেকে বৃহস্পতিবার প্রচারিত হবে। অমিতাভ বচ্চন সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র পরই দর্শকদের সামনে হাজির হবেন অজয় দেবগন। অনুষ্ঠানটি দেখা যাবে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনি লাইভে।


এবারের মৌসুমে বাস্তব অপরাধের ঘটনা থেকে অনুপ্রাণিত বিভিন্ন গল্প তুলে ধরা হবে। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব, মানুষের পরিবর্তিত আচরণ, দ্রুত স্বীকৃতি পাওয়ার প্রবণতা এবং আধুনিক জীবনের নানা চাপ কীভাবে মানুষের সিদ্ধান্তকে প্রভাবিত করে, সেসব বিষয়ও গুরুত্ব পাবে।


প্রচারমূলক ভিডিওতে অজয় দেবগনকে দর্শকদের উদ্দেশে কথা বলতে দেখা গেছে। সেখানে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও মানুষের দ্রুত বদলে যাওয়া আবেগের বিষয়টি তুলে ধরেছেন। রাগ, হতাশা কিংবা আবেগের বশে নেওয়া কিছু সিদ্ধান্ত কীভাবে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে, সে বিষয়েও সতর্ক করেছেন তিনি।


নতুন মৌসুমের উদ্দেশ্য শুধু অপরাধের ঘটনা তুলে ধরা নয়, বরং দর্শকদের আরও সচেতন ও সতর্ক করে তোলা। চারপাশের পরিস্থিতি সম্পর্কে সজাগ থাকার বার্তাও দেবেন অজয়।


২০০৩ সালে যাত্রা শুরু করা ‘ক্রাইম পেট্রোল’ ভারতের অন্যতম পরিচিত ক্রাইমভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান। বিভিন্ন সময়ে একাধিক অভিনেতা ও উপস্থাপক অনুষ্ঠানটির বিভিন্ন সংস্করণ সঞ্চালনা করেছেন। তাদের মধ্যে অনুপ সোনি দীর্ঘদিন অনুষ্ঠানটির সঙ্গে যুক্ত ছিলেন।


এবার সেই জনপ্রিয় ফরম্যাটে যুক্ত হলেন অজয় দেবগন। সিনেমায় পুলিশ ও অ্যাকশনধর্মী চরিত্রে তার পরিচিতির কারণে অনুষ্ঠানটির নতুন মৌসুম নিয়ে দর্শকদের আগ্রহও তৈরি হয়েছে।


এদিকে বড় পর্দাতেও ব্যস্ত সময় কাটাচ্ছেন অজয় দেবগন। তার অভিনীত ‘দৃশ্যম: দ্য কনক্লুশন’ আগামী ২ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এতে আবারও বিজয় সালগাঁওকর চরিত্রে দেখা যাবে তাকে।