হাসনাতের বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় কওমি শিক্ষার্থীদের মধ্যরাতের বিক্ষোভ
জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে হাসনাত আবদুল্লাহর বক্তব্যের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ-মিছিল করেছেন কওমি মাদরাসার শিক্ষার্থীরা।
শুক্রবার (২৮ আগস্ট) দিনগত রাত ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১২টার দিকে শহরের কান্দিপাড়ায় জামিয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা জড়ো হন। সেখানে বিক্ষোভ সমাবেশ শেষে তারা একটি মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় বিক্ষোভকারীরা ‘বয়কট হাসনাত আবদুল্লাহ’, ‘বয়কট, বয়কট, এনসিপি বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেন। এছাড়া ‘শাহবাগীর ঠিকানা, এই বাংলায় হবে না’ স্লোগানও দিতে শোনা যায়।
বিক্ষোভকারীদের দাবি, জাতীয় সংসদে ব্রাহ্মণবাড়িয়ার গান-বাজনা ও নৌকাবাইচ নিয়ে হাসনাত আবদুল্লাহর দেওয়া বক্তব্য স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। তারা ওই বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান।
ব্রাহ্মণবাড়িয়া কওমি ছাত্র ঐক্যের নেতারা বলেন, তাদের দাবি মেনে নেওয়া না হলে এনসিপির কর্মসূচি বর্জন ও প্রতিহতের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
এদিকে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমিতে এনসিপির সাংগঠনিক সমন্বয় সভা ও রাজনৈতিক কর্মশালা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি সারজিস আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাদের অংশ নেওয়ার কথা রয়েছে।