ঢাকায় বাড়তে পারে তাপমাত্রা, রয়েছে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
রাজধানী ঢাকায় আজ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এতে গরমের অনুভূতিও কিছুটা বাড়ার পাশাপাশি আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র।
পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। ফলে গরমের অনুভূতিও আগের তুলনায় কিছুটা বেশি হতে পারে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শনিবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৭ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
এদিকে, শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা নেই। এ সময় নদীবন্দরগুলোকে কোনো সংকেতও দেখাতে হবে না বলে জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র।