রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমঅর্থনীতি-ব্যবসাভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমল স্বর্ণের দাম

ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমল স্বর্ণের দাম

favicon
ভোরের আলো ডেস্ক:
ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে ৭ হাজার ১১৫ টাকা কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।


শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে নতুন দাম নির্ধারণ করা হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা। শনিবার সকাল ১০টা থেকে সারা দেশে নতুন এ দাম কার্যকর হয়েছে।


বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমেছে। সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় নিয়ে স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।


নতুন মূল্য অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ২৯ হাজার ৮৯১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৯৭ হাজার ৩৩৩ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৭৩ টাকা।


স্বর্ণের পাশাপাশি রুপার দামও কমিয়েছে বাজুস। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪৫৫ টাকা, ২১ ক্যারেট ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট ৩৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২৮৫ টাকা।


বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, নির্ধারিত বিক্রয়মূল্যের মধ্যেই ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে গ্রাহকের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট নেওয়া যাবে না। তবে গহনার নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে মজুরি আলাদাভাবে যুক্ত হবে।


এ ছাড়া ভ্যাট, মজুরি ও পাথরের মূল্য বাদ দিয়ে স্বর্ণ ও রুপার গহনা বিনিময় বা বিক্রয়ের ক্ষেত্রে বাজুসের আগের নিয়ম বহাল থাকবে। পরবর্তী সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এ মূল্য কার্যকর থাকবে।