মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা পুলিশের মামলা
ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের (টিএমসি) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছে কলকাতা পুলিশ। আদালতের নির্দেশ অমান্য, পুলিশের কাজে বাধা এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় তাকে আসামি করা হয়েছে। খবর এনডিটিভির।
শনিবার (২৯ আগস্ট) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানকে কেন্দ্র করে কলকাতার হেস্টিংস থানায় এফআইআরটি করা হয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও অনুষ্ঠানের উদ্যোক্তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) একাধিক ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার কলকাতার ক্যাথিড্রাল রোডে টিএমসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভা অনুষ্ঠিত হয়। সভার অনুমতি দেওয়ার সময় কলকাতা হাইকোর্ট বেশ কিছু শর্ত বেঁধে দিয়েছিল। এর মধ্যে রাস্তার একটি লেন যান চলাচলের জন্য খোলা রাখার নির্দেশ ছিল।
তবে পুলিশের অভিযোগ, বাস্তবে রাস্তার দুই পাশের লেনই বন্ধ হয়ে যায়। আদালত দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সভা করার অনুমতি দিলেও নির্ধারিত সময়ের পরও অনুষ্ঠান চলতে থাকে।
পুলিশের আরও অভিযোগ, সভা চলাকালে মমতার বক্তব্য ও ইশারার পর কর্মী-সমর্থকেরা ব্যারিকেড সরিয়ে দেন এবং পুলিশ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। এতে ক্যাথিড্রাল রোডে যান চলাচল ব্যাহত হয় বলে দাবি পুলিশের।
এ ঘটনায় শুক্রবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে আদালতের নির্দেশ অমান্যের অভিযোগ তোলেন। তিনি পুলিশকে এফআইআর করার পাশাপাশি বিষয়টি নিয়ে হাইকোর্টে যাওয়ার নির্দেশ দিয়েছেন বলেও জানান।
এদিকে, কলকাতার ধর্মতলার কাছে রানি রাসমণি অ্যাভিনিউতে পৃথক একটি সমাবেশ করেছে বিদ্রোহী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ছাত্র পরিষদ।