রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিশ্বকিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত ৩৭

কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত ৩৭

favicon
ভোরের আলো ডেস্ক:
কিয়েভের কাছে রুশ ড্রোন হামলায় বিস্ফোরণ, নিহত ৩৭

ইউক্রেনের রাজধানী কিয়েভের কাছে একটি গোলাবারুদের গুদামে রুশ ড্রোন হামলার পর ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় বহু মানুষ আহত হয়েছেন এবং আশপাশের এলাকা থেকে শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।


শনিবার (২৯ আগস্ট) ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। একই সঙ্গে সম্ভাব্য অবহেলার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


স্থানীয়দের বরাতে জানা গেছে, শুক্রবার রাতে কিয়েভের কাছে মিলা গ্রামের পাশের একটি সামরিক স্থাপনায় রুশ ড্রোন হামলার পর বিস্ফোরণ ও আগুন ছড়িয়ে পড়ে। এতে আশপাশের আবাসিক ভবনসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। প্রবীণ ও প্রতিবন্ধীদের একটি স্থাপনাও ক্ষতির মুখে পড়েছে।


নিহতদের মধ্যে পাশের একটি গ্রামের প্রধানও রয়েছেন। হামলার পর উদ্ধারকাজে সহায়তা করতে ঘটনাস্থলে গেলে তিনি প্রাণ হারান।


জেলেনস্কি জানান, ওই স্থাপনায় গোলাবারুদ, মাইন, ড্রোনসহ বিভিন্ন ধরনের অস্ত্র মজুত ছিল। গত দুই মাসের মধ্যে এ ধরনের ঘটনা দ্বিতীয়বার ঘটল। এর আগে ভিশনেভ শহরে রুশ হামলার পর অস্ত্রের মজুত থেকে বিস্ফোরণে ১০ জন নিহত এবং শত শত বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল।


ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, সরকারি কর্মকর্তাদের সম্ভাব্য অবহেলার বিষয়টি খতিয়ে দেখতে ফৌজদারি মামলা করা হয়েছে। একই সঙ্গে অস্ত্র সংরক্ষণের সব স্থাপনার নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা ও নিরীক্ষার নির্দেশ দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।


এদিকে, টানা তৃতীয় দিনের মতো কিয়েভ ও আশপাশের এলাকায় রুশ ড্রোন হামলা অব্যাহত রয়েছে। শনিবারের হামলায় ১৪ বছর বয়সী এক কিশোরী ও দুই বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। এছাড়া আবাসিক ভবন ও বিভিন্ন গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে।


ইউক্রেনের কর্মকর্তাদের অভিযোগ, রাজধানী কিয়েভের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করতেই মস্কো হামলার মাত্রা বাড়িয়েছে।