বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার , ১৫ অক্টোবর ২০২৬
হোম › সারা দেশ › সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত

favicon
ভোরের আলো ডেস্ক:
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত
দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাবির শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। ছবি: সংগৃহীত

সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশে ছুরিকাঘাতে নিহত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের প্রাধ্যক্ষ সহযোগী অধ্যাপক মাহফুজুল হক সুপণ বিষয়টি নিশ্চিত করে বলেন, “ছুরিকাঘাতে গুরুতর রক্তক্ষরণে সাম্যের মৃত্যু হয়েছে। আমরা এখন ঢামেক হাসপাতালে অবস্থান করছি।”

নিহত সাম্য শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বাসিন্দা ফখরুল আলমের ছেলে। সূত্র মতে, সাম্য স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, রাতে মোটরসাইকেল চালিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় আরেকটি মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, “সহপাঠীরা রক্তাক্ত অবস্থায় সাম্যকে জরুরি বিভাগে নিয়ে আসেন। তার ডান পায়ে ধারালো অস্ত্রের আঘাত ছিল। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।”

পুলিশ ঘটনাস্থল এবং হাসপাতাল থেকে প্রাথমিক তথ্য সংগ্রহ করছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।