রবিবার , ৩০ আগস্ট ২০২৬
রবিবার , ৩০ আগস্ট ২০২৬
হোমবিশ্বমুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রু’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রু’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

favicon
ভোরের আলো ডেস্ক:
মুসলিম দেশগুলোকে ‘প্রকৃত শত্রু’র বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান খামেনির

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মুসলিম বিশ্বের দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে ‘প্রকৃত শত্রু’র মোকাবিলা করার আহ্বান জানিয়েছেন। মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি করাই শত্রুপক্ষের অন্যতম প্রধান লক্ষ্য বলেও অভিযোগ করেছেন তিনি।


রোববার (৩০ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।


যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতি ইঙ্গিত করে খামেনি বলেন, মুসলিম দেশগুলোর জাতিগত, সাংস্কৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও ভৌগোলিক পার্থক্যকে কাজে লাগিয়ে বিভেদ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।


তিনি বলেন, মুসলিম বিশ্বের বিভক্তি ও দুর্বলতার সুযোগের অপেক্ষায় রয়েছে এসব শক্তি। উপযুক্ত সময় এলে মুসলিম দেশগুলোর ওপর নিজেদের প্রভাব ও আধিপত্য প্রতিষ্ঠা করাই তাদের লক্ষ্য।


মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি করতে পারে—এমন যেকোনো কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান খামেনি। তিনি প্রশ্ন তোলেন, মুসলিমরা ঐক্যবদ্ধ থাকলে ফিলিস্তিনিরা কি এতটা অসহায় হয়ে দখলদারদের নির্যাতন ও অপরাধের শিকার হতো?


খামেনি আরও বলেন, মুসলিম দেশগুলো ইসলামি ঐক্যের ছাতার নিচে একজোট হলে হাজার হাজার কিলোমিটার দূরের কোনো শক্তির পক্ষে পারস্য উপসাগরীয় দেশগুলোর ভূমি ও সম্পদের দিকে লোলুপ দৃষ্টি দেওয়ার সাহস হতো না।


মুসলিম দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের উদ্দেশে তিনি বলেন, তাদের প্রকৃত শত্রুকে চিহ্নিত করতে হবে, শত্রুর পরিকল্পনা বুঝতে হবে এবং তার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।


খামেনির মতে, এই শত্রুতা শুধু ইরান, ইরানি জনগণ কিংবা ইসলামি প্রতিরোধের বিরুদ্ধে নয়; বরং মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকাসহ পুরো মুসলিম বিশ্বের বিরুদ্ধেই তাদের বিরূপ অবস্থান রয়েছে।